হার্টবিট ডেস্ক
ফরিদপুর জেলা শহরের পুরাতন বাসস্ট্যান্ডে পিয়ারলেস (প্রা.) হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে বিক্রয় নিষিদ্ধ সরকারি ওষুধ জব্দ করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ ঘটনায় হাসপাতালটির মালিক ও ব্যবস্থাপনা পরিচালক আসাদুজ্জামান আসাদকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকাল ১০ থেকে দুপুর ১টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন অধিদপ্তর ফরিদপুর কার্যালয়ের সহকারী পরিচালক মো. সোহেল শেখ। অভিযানকালে সহযোগিতায় ছিল ফরিদপুর জেলা প্রশাসন।
সহকারী পরিচালক মো. সোহেল শেখ বলেন, গোপন তথ্যের ভিত্তিতে ওই হাসপাতালে অভিযান চালিয়ে পেছনে স্টল রুম এবং দ্বিতীয় তলায় একটি থাকার রুমে তল্লাশি করলে সরকারি ইনজেকশনসহ চার ধরনের বিক্রি নিষিদ্ধ ওষুধ জব্দ করা হয়। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানকালে সিভিল সার্জন অফিসের খাদ্য পরিদর্শক মো. বজলুর রশিদ খান, ওষুধ প্রশাসনের অফিস সহকারী শরিফ সাহেদসহ আইন-শৃঙ্খলা বাহিনীর একটি টিম উপস্থিত ছিলেন।
অভিযোগ আছে, দীর্ঘদিন ধরে গোপনে সরকারি হাসপাতাল থেকে ওষুধ এনে চড়া দামে বিক্রি করে পিয়ারলেস (প্রা.) হাসপাতাল। ফরিদপুরের সিভিল সার্জন ডা. ছিদ্দীকুর রহমান বলেন, প্রয়োজনীয় ব্যবস্থা নেবে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।








Discussion about this post