হার্টবিট ডেস্ক
চট্টগ্রামে আবারও করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ৪৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৭ দশমিক ২১ শতাংশ।
সোমবার (১০ অক্টোবর) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, নগরীর ১১টি ল্যাবে ২৪ ঘণ্টায় ১৬৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাদের মধ্যে ৪৭ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। আক্রান্তদের মধ্যে ২৯ জন নগরীর এবং ১৭ জন জেলার বাসিন্দা।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, আগের দিন রবিবার (৯ অক্টোবর) ৮৫ জনের নমুনা পরীক্ষায় ১৬ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ১৮ দশমিক ৮২ শতাংশ। শনিবার (৮ অক্টোবর) ১২৫ জনের নমুনা পরীক্ষায় ১৭ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ছিল ৯ দশমিক ৯৪ শতাংশ। শুক্রবার (৭ অক্টোবর) ১৭৬ জনের নমুনা পরীক্ষায় ২০ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ছিল ১১ দশমিক ৩৬ শতাংশ।
সিভিল সার্জন কার্যালয়ের জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘চট্টগ্রামে এ পর্যন্ত এক লাখ ২৯ হাজার ১৯৫ জন করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে নগরীতে ৯৪ হাজার ৯৯৯ জন এবং উপজেলায় ৩৪ হাজার ৯৯৬ জন। করোনায় মারা গেছেন এক হাজার ৩৬৭ জন। তাদের মধ্যে নগরীর ৭৩৭ জন এবং জেলার ৬৩০ জন রয়েছেন।’





Discussion about this post