হার্টবিট ডেস্ক
সীতাকুণ্ডে ভয়াবহ বিস্ফোরণের প্রভাব দু’এক দিনের মধ্যে ঢাকা পর্যন্ত পৌঁছাতে পারে বলে শঙ্কা প্রকাশ করেন বাংলাদেশ বিজ্ঞান শিল্প ও গবেষণা পরিষদের চেয়ারম্যান (বিসিএসআইআর) ড. আফতাব আলী শেখ।
আজ সোমবার (৬ জুন) বিকেলে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশ অধিদফতরের অডিটোরিয়ামে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে করণীয় বিষয়ক সেমিনারে এ কথা বলেন তিনি। যৌথভাবে এই সেমিনারের আয়োজন করেছে পরিবেশ অধিদফতর ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)।
ড. আফতাব আলী শেখ বলেন, রাসায়নিক দূষণ এক জায়গায় থেমে থাকে না। এটি দ্রুত ছড়িয়ে পড়ে মানুষের ক্ষতি করে। সীতাকুণ্ডের দূষণও ঢাকা পর্যন্ত পৌঁছাবে।
সীতাকুণ্ডের ডিপোতে একাধিক ক্যামিকেলের অনিয়ন্ত্রিত উপস্থিতি ছিলো জানিয়ে তিনি বলেন, ‘ডিপোতে শুধু হাইড্রোজেন পারঅক্সাইড থাকলে এই বিস্ফোরণ হতো না। সেখানে অন্য রাসায়নিক ছিল এবং সেটার যথাযথ ব্যবস্থাপনা ছিলো না। ফলে একাধিক রাসায়নিকের মিশ্রণে এ দুর্ঘটনা ঘটেছে। যার প্রভাব আগামী দুই একদিনের মধ্যে ঢাকা পর্যন্ত পৌঁছাতে পারে।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপার) যুগ্ম সম্পাদক মিহির বিশ্বাসের সঞ্চালনায় সেমিনারে বক্তব্য রাখেন সেভ আওয়ার সি এর পরিচালক এস এম আতিকুর রহমান, ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিসের নির্বাহী সমন্বয়কারী সোহানুর রহমান, পরিবেশ অধিদফতরের পরিচালক (পরিকল্পনা) সোলায়মান হায়দার, স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আলী নকী ও বাপার সহ-সভাপতি ফিরোজ আহমেদ প্রমুখ।
এর আগে সেমিনারের মূল বক্তব্যে বায়ুমন্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্রের (ক্যাপস) চেয়ারম্যান অধ্যাপক ড. আহমদ কামরুজ্জমান মজুমদার বাংলাদেশের বিভিন্ন দূষক ও এর দূষণের পরিমাণ তুলে ধরেন।








Discussion about this post