হার্টবিট ডেস্ক
নার্সিং শিক্ষাকে আরো যুগোপযোগী করার লক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) আগামী সেশন থেকেই এমএসসি নার্সিং কোর্স চালু হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।
শনিবার (৯ অক্টোবর) সকালে বিএসএমএমইউর ‘এ’ ব্লক অডিটোরিয়ামে আয়োজিত গ্রাজুয়েট নার্সিং বিভাগের দশম ব্যাচের ছাত্র-ছাত্রীদের ‘ক্যাপিং সেরিমনি’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান তিনি।
নার্সিং পেশাকে দ্বিতীয় শ্রেণীর সমমর্যাদা প্রদানসহ পেশার উন্নয়নে গৃহীত বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে অধ্যাপক শারফুদ্দিন আহমেদ বলেন, ‘নার্সরা নিজেকে এমনভাবে তৈরি করবে এবং রোগীদেরকে এমনভাবে সেবা প্রদান করতে হবে, যাতে দেশের রোগীরা বিদেশ না যায়। হাসপাতাল থেকে রোগীরা সুস্থ হয়ে সন্তুষ্টি নিয়ে বাড়ি ফিরে যায়, সেদিকে নার্সদেরকে লক্ষ্য রাখতে হবে।’
অনুষ্ঠানে সভাপতিত্বে করেন বিএসএমএমইউর নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন। এ ছাড়া সভায় আরও উপস্থিত ছিলেনবিএসএমএমইউ উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন, বিএসএমএমইউ উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, প্রক্টর অধ্যাপক ডা. মোঃ হাবিবুর রহমান দুলাল, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান, বিএসএমএমইউর হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. নজরুল ইসলাম খান।






Discussion about this post