হার্টবিট ডেস্ক
করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সারাদেশে টিকা কার্যক্রম চালুর লক্ষ্যে টিকার নিবন্ধন উন্মুক্ত করে দেওয়া হচ্ছে আজ (বুধবার) থেকে। তিন ক্যাটাগরিতে অগ্রাধিকারপ্রাপ্তরা এই নিবন্ধন করতে পারবেন।
মঙ্গলবার (৬ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) পরিচালক ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. শামসুল হক এ কথা জানান ।
তিনি বলেন, টিকা পেতে আগ্রহীদের নিবন্ধনের জন্য ইতোমধ্যে সুরক্ষা অ্যাপটি চালু করা হয়েছে। যারা এখনও নিবন্ধন করেননি, তারা সুরক্ষা প্ল্যাটফর্মে গিয়ে নিবন্ধন করে নিতে পারবেন। এবার নিবন্ধনের বয়সসীমা ৪০ বছর থেকে কমিয়ে ৩৫ বছর করা হয়েছে। এছাড়া এবার টিকা নিবন্ধনের অগ্রাধিকার তালিকায় যুক্ত হচ্ছেন কৃষক, শ্রমিক ও আইনজীবীরা। ৫৫ বছর বয়সি রোহিঙ্গারাও নিবন্ধন করতে পারবেন।
‘৩৫ বছরের ঊর্ধ্বে সব নাগরিক টিকার জন্য নিবন্ধন করতে পারবেন। সবার জন্য নিবন্ধন কার্যক্রম মঙ্গলবার পরীক্ষামূলক খোলা হলেও আনুষ্ঠানিকভাবে বুধবার ( ৭ জুলা্ই) থেকে চালু হচ্ছে।’
এদিকে স্বাস্থ্য অধিদফতর এক নির্দেশনায় জানিয়েছে, ইতােমধ্যে যুক্তরাষ্ট্র থেকে ২৫ লাখ ডােজ মডার্নার এবং চীন থেকে ২০ লাখ ডোজ সিনোফার্মের টিকা তাদের হাতে পৌঁছেছে। অতি শিগগিরই সারাদেশের সকল সরকারি মেডিকেল কলেজ, হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সিটি করপোরেশনের নির্দিষ্ট টিকাদান কেন্দ্রগুলোতে টিকা দেওয়া হবে।
নিবন্ধন প্রক্রিয়া
স্বাস্থ্য অধিদফতর বলছে, সুরক্ষা অ্যাপে (https://surokkha.gov.bd/) জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদ দিয়ে নিবন্ধন করতে হবে। ফোন ও জাতীয় পরিচয়পত্রের নম্বর, নাম, জন্মতারিখের পাশাপাশি কোনো শারীরিক জটিলতা আছে কি-না, পেশা কী- তাও জানাতে হবে।
স্মার্টফোনে ইন্টারনেট সংযুক্ত করে অ্যাপটি ডাউনলোড করা যাবে। অ্যাপে তথ্য দিলে টিকার আপডেট সম্পর্কে গ্রহীতাদের এসএমএসের মাধ্যমে জানানো হবে। বিশ্বের বিভিন্ন দেশ টিকা বিতরণ করতে এই প্রযুক্তি ব্যবহার করছে।
প্রথম দফায় টিকা পেতে নিবন্ধন করেন ৭২ লাখ ৮০ হাজার ১৩১ জন। এর মধ্যে দুই ডোজ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা পেয়েছেন ৪২ লাখ ৯০ হাজার ৯৬৪ জন। দ্বিতীয় ডোজ পেতে বাকিদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে বলে সরকার থেকে বলা হয়েছে।







Discussion about this post