হার্টবিট ডেস্ক
করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি শুরুর পর থেকে মঙ্গলবার (৪ মে) পর্যন্ত ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ৫৮ লাখ ১৯ হাজার ৭৫৭ জন। আর দ্বিতীয় ডোজ নিয়েছেন ৩১ লাখ ৬ হাজার ৭০৯ জন। অর্থাৎ, দুই ডোজ মিলিয়ে মোট ৮৯ লাখ ২৬ হাজার ৪৬৬ ডোজ ভ্যাকসিন দেওয়া হয়েছে। এরা সবাই ভারতের সেরাম ইনস্টিটউট থেকে আনা অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন নিয়েছেন।
টিকার বর্তমান মজুতের সঙ্গে হিসাব মিলিয়ে জানা যায়, ১৪ লাখ ৩৯ হাজার ৫১৪ জনের দ্বিতীয় ডোজ-প্রাপ্তি এখনও অনিশ্চিত। অর্থাৎ, প্রথম ডোজ নেওয়ার পর এখন তাদেরকে অ্যাস্ট্রাজেনেকার টিকার দ্বিতীয় ডোজের জন্য অপেক্ষা করতে হবে। কারণ, দুই কোম্পানির দুই ডোজ ভ্যাকসিন গ্রহণে এখনও বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোনও নির্দেশনা নেই। এদিকে স্বাস্থ্য অধিদফতর জানায়, আপাতত টিকার নিবন্ধন বন্ধ রাখা হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত টিকাদান সংক্রান্ত বিজ্ঞপ্তি থেকে জানা যায়, মঙ্গলবার (৪ মে) দ্বিতীয় ডোজ নিয়েছেন ৮৩ হাজার ৫৪০ জন এবং প্রথম ডোজ নিয়েছেন মাত্র ৩৮ জন। গত ২৬ এপ্রিল থেকে টিকার সংকটের কারণে বন্ধ করে দেওয়া হয় প্রথম ডোজ। দ্বিতীয় ডোজ নেওয়া বাকি আছেন ২৭ লাখ ১৩ হাজার ৪৮ জন। দেশে এখন মজুত টিকা আছে ১২ লাখ ৭৩ হাজার ৫৩৪ জনের। এ কারণে টিকার দ্বিতীয় ডোজের অনিশ্চয়তায় পড়েছেন ১৪ লাখ ৩৯ হাজার ৫১৪ জন।
এদিকে গত রবিবার (২ মে) থেকে টিকার নিবন্ধন বন্ধ রয়েছে। টিকা নিবন্ধনের ‘সুরক্ষা’ প্ল্যাটফর্মে গিয়ে দেখা যায়, সেখানে উল্লেখ করা আছে— ‘নিবন্ধকরণ অস্থায়ীভাবে বন্ধ রয়েছে।’ তবে এটি সাময়িক বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের পরিচালক ডা. মিজানুর রহমান।
স্বাস্থ্য অধিদফতর জানায়, করোনার ভ্যাকসিন প্রদান কার্যক্রম একটি চলমান প্রক্রিয়া। সরকার রাশিয়া ও চীন থেকে ভ্যাকসিন সংগ্রহের চেষ্টা চালিয়ে যাচ্ছে। আশা করা যাচ্ছে, মে মাসের মধ্যেই টিকা পাওয়া যাবে। প্রথম ডোজের জন্য যারা রেজিস্ট্রেশন করেছেন, কিন্তু ভ্যাকসিন পাননি, প্রথম চালান আসলেই প্রথমে তাদের টিকা প্রদান শুরু হয়ে যাবে।
এদিকে টিকার মজুত ফুরিয়ে আসছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। স্বাস্থ্য অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক ডা. নাজমুল ইসলাম বলেন, ‘আপাতত বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং টিকা প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলো দুই কোম্পানির দুই ডোজ নেওয়ার বিষয়ে আমাদের নির্দিষ্ট করে কোনও পরামর্শ দেয়নি। অর্থাৎ, প্রথম ডোজ যে কোম্পানির গ্রহণ করেছেন, দ্বিতীয় ডোজও সেই কোম্পানির সেই টিকাই গ্রহণ করতে হবে। অন্য কোনও টিকা গ্রহণ করা যাবে কিনা, সে ব্যাপারে এখনও নিশ্চিত কোনও পরামর্শ দেওয়া হয়নি। তবে যখনই এ বিষয়ে নির্দেশনা পাওয়া যাবে,সেটা সবাইকে জানানো হবে।’







Discussion about this post