হার্টবিট ডেস্ক
রাজশাহী মেডিকেল কলেজে (রামেক) মরণোত্তর দেহ দান করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বাংলা বিভাগের অধ্যাপক সুজিত কুমার সরকার(৬৫)। বুধবার (৯ নভেম্বর) দুপুরে রামেক কর্তৃপক্ষের কাছে মরদেহ হস্তান্তর করা হয় বলে নিশ্চিত করেছেন অধ্যাপক সুজিত কুমার সরকারের ছেলে অনুজীপ সরকার।
এ বিষয়ে অনুজীপ সরকার বলেন , বাবা অনেক আগেই এটি আমাদের বলে রেখেছিলেন এবং লিখিত চুক্তিও করে রেখেছিলেন। বাবার ইচ্ছানুযায়ী মরদেহ রামেকের শিক্ষার্থীদের শিক্ষা ও গবেষণার কাজে দান করা হয়েছে। তাই আমরা বাবার মরদেহ রামেকে হস্তান্তর করেছি। অফিসিয়ালি তারা মরদেহটি গ্রহণও করেছে।
রামেক অধ্যক্ষ অধ্যাপক ডা. নওশাদ আলী বলেন, ‘অধ্যাপক সুজিত কুমারের লাশ আমাদের তত্ত্বাবধানে আছে। গবেষণা ও শিক্ষার কাজে লাগানো হবে এ মরদেহ। দেহদানের মধ্য দিয়ে তিনি মহত্ত্বের পরিচয় দিয়ে গেছেন।’
বুধবার সকালে অধ্যাপক সরকার সুজিত কুমারের মরদেহ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নেওয়া হয়। সেখানে শিক্ষক-শিক্ষার্থীরা তাঁকে শ্রদ্ধা জানান। পরে তাঁর শবদেহ নগরীর ভুবনমোহন পার্ক শহীদ মিনারে নাগরিক শ্রদ্ধা নিবেদনের জন্য নেওয়া হয়। বীর মুক্তিযোদ্ধা সুজিত কুমারকে সেখানে রাষ্ট্রীয় সম্মাননাও জানানো হয়। শ্রদ্ধা নিবেদনের পর রাজশাহী মহাশ্মশানে ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে শবদেহ রাজশাহী মেডিকেল কলেজে দান করা হয়।
প্রসঙ্গত, গত সোমবার (৭ নভেম্বর) সপরিবারে সেন্ট মার্টিনে ভ্রমণে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন অধ্যাপক সুজিত কুমার সরকার। গুরুতর অবস্থায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে মঙ্গলবার ভোর পৌনে ৫টার দিকে তিনি মারা যান। এরপর তার মরদেহ অ্যাম্বুলেন্সযোগে প্রথমে নিজ জন্মস্থান নাটোর এবং পরে রাজশাহীতে নিয়ে আসা হয়। পরদিন বুধবার সকালে অধ্যাপক সুজিত কুমার সরকারের মরদেহ বিশ্ববিদ্যালয়ের ড. মুহাম্মদ শহীদুল্লাহ কলা ভবনের সামনে রাখা হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা মরদেহে শ্রদ্ধা নিবেদন করেন।








Discussion about this post