হার্টবিট ডেস্ক
বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আজ রোববার (১০ অক্টোবর) বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে এক আলোচনায় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান বলেন, চিকিৎসার পাশাপাশি পারিবারিক ও সামাজিক সমর্থনটা মানসিক রোগীর স্বাস্থ্যের জন্য খুবই জরুরি ।
প্রতিমন্ত্রী বলেন, মানসিক রোগ নিয়ে মানুষের মধ্যে অনেক অন্ধবিশ্বাস, কুসংস্কার ও ভ্রান্ত ধারণা রয়েছে। এ রোগে ঝাড়ফুঁকসহ অবৈজ্ঞানিক তৎপরতা প্রতিরোধে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি করতে হবে সবার আগে।
ডা. মুরাদ হোসেন বলেন, স্বাস্থ্যসেবা প্রতিটি মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ মৌলিক অধিকার। মানসিক স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকারের পাশাপাশি সংশ্লিষ্ট সংস্থা ও প্রতিষ্ঠানের এগিয়ে আসাটা জরুরি।
জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট প্রতিষ্ঠার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, মানসিক স্বাস্থ্যের প্রয়োজনীয়তা অনুধাবন করে ২০০১ সালে এ ধরনের ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন তিনি। সবার জন্য মানসিক স্বাস্থ্য নিশ্চিতে এটি একটি মাইলফলক।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. মেজর জেনারেল (অব.) মো. আব্দুল আলী মিয়া বলেন, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনিস্টিটিউট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার গবেষণায় দেখা গেছে, দেশে প্রাপ্তবয়স্ক জনগোষ্ঠীর শতকরা ১৬ ভাগ ও শিশু কিশোরদের শতকরা ১৮ ভাগ মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছে।






Discussion about this post