হার্টবিট ডেস্ক
এক বছর পূর্ণ হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ মাইক্রোবায়োলজি বিভাগের অধীনে প্রতিষ্ঠিত করোনাভাইরাস শনাক্তকরণ ল্যাবের ।
শনিবার (৫ জুন) দুপুরে করোনা শনাক্তকরণ ল্যাবের বর্ষপূর্তি ও লক্ষাধিক টেস্ট সম্পন্ন উপলক্ষে মাইক্রোবায়োলজি বিভাগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন মাইক্রোবায়োলজি বিভাগের সদ্য বিদায়ী বিভাগীয় প্রধান ও কোভিড-১৯ শনাক্তকরণ ল্যাবের প্রাক্তন আহবায়ক অধ্যাপক ডা. মো. এহসানুল হক। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ অধ্যক্ষ ও করোনা শনাক্তকরণ ল্যাবের উপদেষ্টা অধ্যাপক সাহেনা আক্তার।
এছাড়া সভায় উপস্থিত ছিলেন কোভিড-১৯ শনাক্তকরণ ল্যাবের বর্তমান আহবায়ক ও মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান ডা. মো. আবুল কালাম, কোভিড-১৯ শনাক্তকরণ ল্যাবের সদস্য সচিব ডা. মো.আরিফুর রহমান, রেডিওলজি বিভাগের প্রধান অধ্যাপক সুভাষ মজুমদার।
এসময় প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক সাহেনা আক্তার বলেন, দেশে করোনাভাইরাস সংক্রমণের শুরু থেকেই চট্টগ্রাম মেডিকেল কলেজে প্রতিষ্ঠিত কোভিড-১৯ শনাক্তকরণ ল্যাব গণমানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।
তিনি বলেন, ‘শত প্রতিকূলতার মধ্যেও কলেজ প্রশাসন করোনা শনাক্তকরণ এ ল্যাব প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে। গত এক বছরে এ ল্যাবে একলক্ষ ত্রিশ হাজার করোনা পরীক্ষা করা হয়। এটি এ অঞ্চলের সবার জন্য অত্যন্ত আনন্দের ও গৌরবের।
বর্তমানেও কোভিড-১৯ শনাক্তকরণের কাজ চলমান রয়েছে। ভবিষ্যতের জীবানুঘটিত যে কোনো দুর্যোগকালীন জাতীয় দায়িত্ব পালনের সক্ষমতা অর্জনের জন্য ল্যাবটি প্রচেষ্টা অব্যাহত থাকবে।’
তিনি আরও বলেন, ‘করোনাকালে ফ্রন্টলাইনার ফাইটার হিসেবে এ বিভাগের শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীদের অবদান ইতিহাস হয়ে থাকবে।’







Discussion about this post